খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভেতরে বহিরাগতদের হাতে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও সভা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের ভাস্বর্য ‘দুর্বার বাংলা’ চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞার সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন কুয়েটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (তড়িৎ) হুসাইন মুহাম্মদ এরশাদ, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মামুনুর রশীদ, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ইমরান আলী রনি প্রমুখ।
মানবন্ধন শেষে কুয়েট উপচার্য ড. কাজী সাজ্জাদ হোসেনের কাছে ঘটনার বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
