বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি গ্রামে রক্তাক্ত অবস্থায় আইয়ুব আলী হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানা সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি আইয়ুব আলী। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।
মঙ্গলবার সকালে কাঁঠালতলি খালে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে ও তার বাড়িতে খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ শিকদার বলেন, ওই বৃদ্ধের মাথা ও মুখে কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
