ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমকে পাশে চান তথ্যমন্ত্রী

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০৯:৩৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমকে পাশে চাইলেন নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়কে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ অভিহিত করে হাছান মাহমুদ বলেন, রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগের পরই চতুর্থ স্তম্ভটি হলো গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজকে নির্মাণ ও সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের কোনো বিকল্প নেই।

এসময় তিনি বলেন, বর্তমানে দেশব্যাপী ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যমে ছেয়ে গেছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এটা  মোকাবিলা করা হবে।

তথ্যসচিব আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব আজহারুল হক ও মিজান উল আলম এসময় উপস্থিত ছিলেন।

দুপুরে নবনিযুক্ত তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে মন্ত্রণালয় বরণ করে নেন তথ্যসচিব আবদুল মালেক। এর পরপরই তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ও এর সকল সংস্থার প্রধানরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা শুভেচ্ছা জানান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমামের নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চিত্রপরিচালক সালাউদ্দিন লাভলুর নেতৃত্বে বাংলাদেশ ডিরেক্টরস গিল্ড, রুহুল আমিন আকন্দের নেতৃত্বে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ-ভারত মৈত্রী বন্ধন, বিশিষ্ট সংগীত শিল্পী রফিকুল আলম ও চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম সংগঠন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত