প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেইসবুকে ছবি প্রকাশ ও মন্তব্যের অভিযোগে চট্টগ্রামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার ভোরে নগরীর চান্দগাঁও থানার বলিরহাট এলাকা থেকে মো. তোফাজ্জল হোসেন হেলালকে (৪০) আটক করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, ‘মেজর মেহেদী হাসানের নেতৃত্বে ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তোফাজ্জলকে আটক করা হয়। ওই যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘদিন ধরে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করছিল।’
তোফাজ্জলের মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে বলে জানান মাশকুর। তোফাজ্জল ভোলা জেলার দৌলতখান এলাকার মো. নাজির আহমেদের ছেলে।
