যৌনতা নিয়ে আপত্তিকর মন্তব্য: পান্ডিয়া-রাহুলকে শোকজ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১১:৩৮ পিএম

ক’দিন আগে একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। ‘কফি উইথ করন’ নামের অনুষ্ঠানে অনেক বিষয় নিয়েই খোলামেলা আলোচনা করেছেন দুই ক্রিকেটার।

কিন্তু সেই আলোচনার কিছু বিষয় তৈরি করেছে বিতর্কের। বিশেষ করে যৌনতা নিয়ে আপত্তিকর মন্তব্য বেরিয়েছে হার্দিক পান্ডিয়ার মুখ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা সমালোচনা ও নিন্দার ঝড় তুলেছে। বাধ্য হয়ে দুই ক্রিকেটারকেই শোকজ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পরিচালক ও প্রযোজক করন জহর উপস্থাপিত অনুষ্ঠানটিতে পান্ডিয়া একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন বলে উল্লেখ করেন। এবং সেগুলো কীভাবে তার মা-বাবাকে বলেছেন তাও জানান।

অনুষ্ঠানে সঞ্চালকের একটি প্রশ্ন ছিল এরকম, ক্লাবে কীভাবে তিনি মেয়েদের ডাকেন। এর উত্তরে পান্ডিয়ার একটি মন্তব্য ছিল এমন, সে মেয়েদের হাটা চলা দেখে পছন্দ করে। পান্ডিয়ার এসব মন্তব্যেই তোলপাড় বলতে গেলে এখন ভারতীয় ক্রিকেট।

এ অবস্থায় বিসিসিআইয়ের প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘আমরা হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে তাদের মন্তব্যের জন্য শোকজ লেটার পাঠিয়েছি। তারা ২৪ ঘন্টার মধ্যে এই চিঠির জবাব দেবেন।’’

পান্ডিয়া অবশ্য টুইট করে ক্ষমা চেয়েছেন। পান্ডিয়া লিখেছেন, ‘‘কাফি উইথ করন’-এ আমার মন্তব্যে যারা আঘাত পেয়েছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি কাউকে আঘাত করতে চাইনি। সত্যি বলতে অনুষ্ঠানের ধরনের সঙ্গে তাল মেলাতে গিয়ে এমন হয়েছে। কোনো অবস্থাতেই কাউকে আঘাত দিতে চাইনি।’’

সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়া ভারতীয় টেস্ট দলে ছিলেন দুই ক্রিকেটারই। পান্ডিয়া টুইট করে ক্ষমা চাইলেও লোকেশ রাহুল অবশ্য তেমন কিছু এখনো করেননি। অবশ্য আপত্তিকর মন্তব্যগুলো বেরিয়েছে পান্ডিয়ার ‍মুখ থেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত