আগামী ৫ বছর কঠিন পরীক্ষা : প্রধানমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০২:৩৩ এএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আন্দোলনে ব্যর্থ হন, তারা নির্বাচনেও ব্যর্থ হন। বিএনপি বারবার নির্বাচন ঠেকাতে চেয়ে ব্যর্থ হয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছিল। কিন্তু এদেশের জনগণ যেভাবে তাদের নির্বাচন ঠেকানোর অভিসন্ধি ব্যর্থ করে দিয়েছিল, তেমনই আন্দোলনেও সাড়া দেয়নি। গতকাল বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী ৫ বছর আমাদের জন্য কঠিন পরীক্ষা। যে উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি এটা আমাদের অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাব। জনগণ আমাদের ওপর আস্থা-বিশ্বাস রেখেছে। এই বিশ্বাসকে মর্যাদা দিয়ে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলব।  এ সময় বঙ্গবন্ধুকন্যা আবেগাপ্লুত হয়ে বলেন, আমি জানি না, কিন্তু সেটা আমি উপলব্ধি করতে পারি, তিনি আছেন। নইলে আমার পক্ষে এত দ্রুত দেশের উন্নতি করা বা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এতটা অর্জন করা কখনও সম্ভব হতো না। আমি সব সময় মনে করি, আমার বাবা-মা আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছেন বলেই আজকে এটা সম্ভব হচ্ছে এবং নিশ্চয়ই তিনি বেহেশত থেকে দেখেন।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সূচনা বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যৌথভাবে সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

শেখ হাসিনা তার ভাষণে বিএনপির নির্বাচনে ব্যর্থতার কারণ তাদেরকেই অনুসন্ধান করে দেখার আহ্বান জানিয়ে বলেন, তারা (বিএনপি) অগ্নিসন্ত্রাস করেছে, ৩ হাজার ৯শ’র ওপর গাড়ি ভাঙচুর করেছে, সাড়ে ৩ হাজারের ওপর মানুষকে পুড়িয়েছে। ৫শ’র কাছাকাছি মানুষ আগুনে পুড়ে মারা গেছে।

উন্নয়নের সুফল দেশের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে পারাতেই ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে কারণে বাংলাদেশের জনগণ আজকে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে, যার ফলে আমরা আবার দেশের মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি।

আওয়ামী লীগ সভাপতি এ সময় নৌকা এবং মহাজোটের প্রার্থীদের বিজয়ী করায় সকল শ্রেণি-পেশার জনগণ তথা সমগ্র দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাধারণ মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, উন্নয়ন চায়, নিজের জীবনের উন্নতি চায় সেই আকাক্সক্ষা থেকেই তারা আমাদের ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছে।

প্রধানমন্ত্রী এ সময় বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বই দুটি পড়ার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। তিনি এ সময় পাকিস্তানের গোয়েন্দা প্রতিবেদন নিয়ে প্রকাশিত এবং প্রকাশিতব্য মোট ১৪ খ- ভলিউমের বই ‘সিক্রেটস ডকুমেন্টস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ থেকে আরও তথ্য জানতে পারবেন বলেও উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত