রাজধানীসহ সারা দেশে সড়ক ও পরিবহন খাতে বিশৃঙ্খলার কথা স্বীকার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমার এই মেয়াদে নাম্বার ওয়ান অগ্রাধিকার কাজ হচ্ছে সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফেরানো।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সড়ক ব্যবস্থার উন্নয়নে চলমান মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে মেট্রোরেল, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও দ্রুত এগোচ্ছে। এই কাজগুলো দ্রুত শেষ করা হবে। পরবর্তী ধাপে গাজীপুর থেকে এলেঙ্গা, এলেঙ্গা থেকে রংপুর এবং রংপুর থেকে বুড়িমারী ও পঞ্চগড়ের মধ্যে ফোর লেনের কাজ শুরু হবে।’
তিনি বলেন, ‘দ্বিতীয় কাচপুর সেতু, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু এই তিন সেতুর কাজ প্রায় শেষ হয়ে গেছে, আশা করছি মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আগামী বাজেটের আগেই প্রধানমন্ত্রী তিনটি ব্রিজ উদ্বোধন করতে পারবেন। তিনটি ব্রিজের নির্মাণ ব্যয় ৭২১ কোটির টাকার মতো কমে গেছে।’
কাদের আরও বলেন, ‘দেশের জাতীয় সড়কের আওতায় আরও দুটি ফোর লেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এর একটি হচ্ছে ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-কক্সবাজার ফোর লেন প্রকল্প।’ এই বছরের জুনের আগেই কাজ শুরু করার ইচ্ছের কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তবে আগে ঢাকা-সিলেট। চট্টগ্রাম-কক্সবাজার হয়তো একটু পরে হতে পারে; যেটা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হবে। এখানে জাপান অর্থায়নের আশ্বাস দিয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘উন্নয়ন তো হচ্ছে। বিশ্বব্যাংক যখন চলে গেল তখন আপনারা ভাবতে পারতেন, পদ্মা সেতু হবে? হচ্ছে তো, আপনারা ভাবতে পারতেন মেট্রোরেল হবে? হচ্ছে তো। অসম্ভবের কিছু নেই। ফলে আই লাভ দ্য ইম্পসিবল, আই এনজয় দ্য চ্যালেঞ্জ।’
ওবায়দুল কাদের বলেন, ‘মোটরসাইকেল একটি নতুন আতঙ্ক। তবে ঢাকা শহরে আমরা অনেকটা শৃঙ্খলা ফিরিয়ে এনেছি, কিন্তু ঢাকার বাইরে মোটরসাইকেলগুলো বেপরোয়া চলছে। এক মোটরসাইকেলে তিনজন চলছে, তারপর আবার লাইসেন্স ছাড়া। এ বিষয়গুলো ঠিক করতে হবে। তবে কাজটা এত সহজ নয়, করা যাবে না এমনো নয়। আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে করা যাবে।’
নতুন মন্ত্রিসভার সদস্যদের মতামত ছাড়া একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া হয়েছে এ বিষয়ে কাদের বলেন, ‘যে কারণেই করুক কাজটা বেঠিক হয়নি। প্রধানমন্ত্রী বেছে বেছে খোঁজ নিয়ে এটা করেছেন। আমার মনে হয়, ভালো হবে। আবার এটাও মিন করে হয়তো যে, মন্ত্রীদের সঙ্গেও প্রধানমন্ত্রী আছেন। হয়তো এটা দিয়ে পারফরম্যান্স বিবেচনা করা হবে।’
