ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আগের থেকে অনেক উন্নতি করছি। ভারত ও চীন মিলে প্রায় আড়াইশো কোটি মানুষের দেশ। আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে এই দুটি দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। ভারতের বাজারে প্লাস্টিক, গার্মেন্টসসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। চীন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশকে টার্গেট করে আমরা পরিকল্পনা করছি।’
চালের দাম বৃদ্ধির প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এরই মধ্যে আমি ও খাদ্যমন্ত্রী মিল মালিকসহ এই ট্রেডের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সঙ্গে বসে কথা বলেছি। তারা কথা দিয়েছেন সপ্তাহ খানিকের মধ্যে এটা কমে আসবে। আশা করছি, খুব তাড়াতাড়ি বিষয়টি সমাধান হবে।’
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
