কুমিল্লার চৌদ্দগ্রামে হোমিও ডাক্তারে ভুল চিকিৎসায় খুশি নামের নয় মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার (নোয়াপাড়া) গ্রামের দিনমজুর মো. জাহাঙ্গীর আলমের মেয়ে।
ঘটনার পর থেকে অভিযুক্ত হোমিও ডাক্তার বেলাল হোসেন দোকান ছেড়ে পালিয়ে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, খুশি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল। গত বৃহস্পতিবার চৌদ্দগ্রাম বাজারের হোমিও চিকিৎসালয় তাহের হোমিও হলের ডা. বেলাল হোসেনের চেম্বারে নিয়ে আসলে তিনি সেফট্রোন-৫০০ ইনজেকশন শিশুটির শরীরে পুশ করেন।
পরদিন (শুক্রবার) সকালে একটি এবং বিকেলে আরেকটি সেফট্রোন-৫০০ পুশ করেন শিশুটির শরীরে। এদিন বিকেলে ইনজেকশনটি পুশ করার পাঁচ মিনিটের মধ্যেই শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিক শিশুটিকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান বলেন, ‘হোমিও ডাক্তার কর্তৃক অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার যৌক্তিকতা নেই।’
এ বিষয়ে অভিযুক্ত হোমিও ডাক্তার বেলাল হোসেনের মোবাইল ফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ডে অফিসার নাছির উদ্দিন বলেন, ‘শিশু মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক আমি ঘটনাস্থল পরিদর্শন করি। নিহত শিশুর পরিবার অভিযোগ দিলে ওই ডাক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
