‘শুধু ভারত নয়, এই অস্ট্রেলিয়াকে পাকিস্তানও হারাবে’

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৯:২৩ এএম

পাকিস্তানের ব্যাটিং কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ মনে করেন, বর্তমান পাকিস্তান দলেরও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জেতার সামর্থ্য আছে। সম্প্রতি অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়েই এমনটা বলছেন ইউসুফ। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে, বর্তমান অস্ট্রেলিয়া দলের চেয়ে ভারত ও পাকিস্তান উভয় দলই তুলনায় ভালো দল।

এশিয়ার প্রথম দেশ হিসেবে সদ্যই অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছে ভারত। চার ম্যাচের সিরিজ ২-১ এ নিজেদের করে বিরাট কোহলির দল। ইউসুফের মতে বর্তমান অস্ট্রেলিয়া দলটা তার দেখা সবচেয়ে দুর্বলতম দল।

তবে ভারতীয় দলের কৃতিত্ব কে মোটেও ছোট করে দেখতে চান তিনি, ‘‘ভারতীয় দল কি অর্জন করেছে সেটা বড়, তারা ভালো খেলে সিরিজ জিতেছে। কিন্তু এটাও সত্য যে গেল সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ১-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায়। আমি এর কোনোটাতেই বিস্মিত হইনি।’’

ইউসুফ বিশ্বাস করেন পাকিস্তান দল অস্ট্রেলিয়া সফরে গেলেও টেস্ট সিরিজ জয়ের ভালো সুযোগ তাদের আছে, ‘‘আমি মনে করি অস্ট্রেলিয়ার তুলনায় ভারত ও পাকিস্তান ভালো দল। ভারতের ভালো ব্যাটসম্যান রয়েছে। একই সঙ্গে তাদের বোলাররা টেস্ট ক্রিকেটের শিল্পটা শিখে ফেলেছে।’’

পাকিস্তানের পক্ষে ৯০টি টেস্ট ও ২৮৮টি ওয়ানডে খেলা ইউসুফ মনে করেন অস্ট্রেলিয়া শেষ দুই বছর ধরে দেশের বাইরে সংগ্রাম করছে। এ ছাড়া স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নিষিদ্ধ হওয়াটা তাদের ভোগাচ্ছে, ‘‘অস্ট্রেলিয়া এই মুহূর্তে সংগ্রাম করছে। তাদের ব্যাটিংয়ের সেই মানটা নেই। দুর্ভাগ্যজনকভাবে তাদের বোলাররাও সংগ্রাম করছে।’’

স্মিথ এবং ওয়ার্নার ফিরে এলেও এই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ক্ষীণই মনে করেন ইউসুফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত