ক্লাবগুলোর দৃঢ়তায় লিগ শুরু ১৮ জানুয়ারি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০১:১৯ এএম

একটি ক্লাবের দাবি মেনে আসন্ন একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিছুদিন পিছিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু গতকাল পেশাদার লিগ কমিটির সভায় অন্য ক্লাবগুলো লিগ নির্ধারিত সময়ে শুরুর পক্ষে অবস্থান নিলে ১৮ জানুয়ারি থেকেই শুরু হবে আসর। তবে আট ভেন্যুর জায়গায় এবার লিগ হবে ছয় ভেন্যুতে। শেষ মুহূর্তে বাদ পড়েছে চট্টগ্রাম ও ফরিদপুর। লিগ দীর্ঘায়িত হওয়া নিয়েও কাল প্রশ্ন তুলেছিল অংশগ্রহণকারী ক্লাবগুলো। খসড়া সূচি অনুযায়ী যা শেষ হওয়ার কথা ছিল ১০ আগস্ট। এখন বাফুফে লিগটি জুলাইয়ের মাঝামাঝি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে।

১৮ জানুয়ারি শিরোধা ধরে রাখার মিশন শুরু করবে আবাহনী। প্রতিপক্ষ নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব। লিগের পরিধি কমিয়ে আনতে সপ্তাহে তিন দিনের জায়গায় চার দিন খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। সভা শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, ‘আগের পরিকল্পনা অনুযায়ী ১০ আগস্ট খেলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ক্লাবগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আশা করছি জুলাইয়ের মাঝামাঝি তা শেষ করতে পারব।’ স্বাগতিক ভেন্যু হিসেবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম নিয়ে আগেই অনীহা প্রকাশ করে স্থানীয় দল চট্টগ্রাম আবাহনী। সে কারণে এই ভেন্যু বাদ দিচ্ছে বাফুফে। আর ফরিদপুর স্টেডিয়ামে স্থানীয় ক্রিকেট লিগ চলমান থাকায় এই ভেন্যুকে হিসেবের খাতার থেকে বাদ দিতে হচ্ছে তাদের, ‘ফরিদপুর স্টেডিয়ামে ক্রিকেট লিগ শেষ হতে আরও এক মাস সময় লাগবে। এরপর মাঠটি ফুটবলের জন্য তৈরি করতে হবে। এ কারণে আমরা এটাকে বাদ দিচ্ছি। তবে বাকি ছয়টি ভেন্যুতে হবে লিগের খেলা। সপ্তাহে তিন দিনের জায়গায় চার দিন হবে খেলা। ফলে লিগটা একটু আগেভাগেই শেষ করা যাবে।’ চূড়ান্ত ছয়টি ভেন্যু ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম, ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম, নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম ও গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলা হবে। জুলাইয়ের মাঝামাঝি শেষ হলেও লিগের শেষদিকের বেশ কিছু ম্যাচ বর্ষা মৌসুমেই হতে যাচ্ছে। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী মনে করেন ভেন্যু বেড়ে যাওয়ায় এটা বড় কোনো সমস্যা হবে না, ‘বর্ষা মৌসুম আমরা পাশ কাটাতে চাই। কিন্তু নানা কারণে তা হয়নি। আশা করছি বর্ষা মৌসুম খুব একটা সমস্যা করবে না। আসলে লিগ চালানোর পাশাপাশি আমাদের জাতীয় দল, এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ও ঢাকা আবাহনীর এএফসি কাপে খেলার বিষয়গুলোও মাথায় রাখতে হচ্ছে।’

তিনি আরও জানান, এবার লিগ থেকে সর্বনিম্ন পয়েন্ট পাওয়া দুটি দল নেমে যাবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। আর এই লিগ থেকে উঠে আসবে একটি দল। লিগের পৃষ্ঠপোষক নিয়েও শিগগিরই একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সদ্য সংসদ সদস্য নির্বাচিত এই সাবেক ফুটবলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত