সিলেটে পরিকল্পনামন্ত্রী ‘সুনামি জয়’ পেয়েছে আওয়ামী লীগ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০২:২৮ এএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জনকল্যাণে কাজ করার কারণেই এবারের ভোটে ‘ভূমিধস’ নয় ‘সুনামি জয়’ পেয়েছে আওয়ামী লীগ। মানুষের বিপুল ভোটে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে। এখন সরকারের বড় চ্যালেঞ্জ এই জনসমর্থনকে ধারণ করে দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নেওয়া। গতকাল শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নির্বাচনী যে ইশতেহার দিয়েছে, সরকার তা শতভাগ বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবে। শিক্ষা, অবকাঠামো, যোগাযোগ ও বিদ্যুৎ খাতে গত দশ বছরে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। বড় বড় কিছু কাজ চলছে। ঢাকা-সিলেট চার লেন সড়কের কাজ দ্রুতই শুরু হবে। রেলের উন্নয়নে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ চলছে। সুনামগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। এরই মধ্যে এ ব্যাপারে তিনি মন্ত্রীদেরও কড়া বার্তা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট মহানগর দপ্তর সম্পাদক শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত