সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু।
আলজাজিরা জানায়, রোববার কেবিনেট মিটিংয়ের শুরুতে নেতানিয়াহু মন্ত্রীসভার সদস্যদেরকে ইরানের স্থাপনার উপর এ হামলার ঘটনা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের সামরিক স্থাপনার উপরে গত ৩৬ ঘণ্টাজুড়ে এ হামলা চালানো হয়েছে। মারণাস্ত্রের গুদাম হিসেবে ব্যবহৃত হতো এসব স্থাপনা।’
নেতানিয়াহু আরও বলেন, ‘এসব হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, সিরিয়ায় ইরানের হস্তক্ষেপের বিরুদ্ধে কাজ করতে আমরা সংকল্পবদ্ধ।’
এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দামাস্কাসের বিমানবন্দরে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে সিরিয়ার বিমানবাহিনী এ হামলা রুখে দেয়।
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়া যুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা দিচ্ছে ইরান। তবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিবেশী রাষ্ট্রে চির প্রতিদ্বন্দ্বী ইরানের সামরিক উপস্থিতিকে হুমকি স্বরূপ দেখে।
এর আগেও সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় হামলা চালায় দেশটি। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা সেপ্টেম্বরে জানিয়েছিলেন, গত দুই বছরে ইরান ঘাঁটিতে দুইশোরও বেশি হামলা চালিয়েছেন তারা।
