সোনিয়া হোসেন। জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা। দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন তিনি। পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করছেন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
কলকাতায় বিজ্ঞাপনে...
গত ৭ তারিখ কলকাতায় গিয়েছিলাম একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে। পুরো শ্যুটিং কলকাতায় হলেও এটি মূলত বাংলাদেশেরই একটি পণ্যের বিজ্ঞাপন। কহিনুর কেমিক্যালস-এর ক্লিন মাস্টারের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কলকাতার নামকরা পরিচালক সনৌক মিত্র। আমার সহশিল্পী ছিলেন আমান রেজা। বিজ্ঞাপনের শ্যুটিং মাত্র একদিনে শেষ হলেও আমার কাছ থেকে তারা ৫দিনের সিডিউল নিয়েছিল। একদিন লেগেছে শুধু পোশাক ও সাজসজ্জা কেমন হবে তার পেছনে। সব মিলিয়ে খুবই ভালো হয়েছে কাজটি। তাদের সঙ্গে কাজ করে অনেক আনন্দ পেয়েছি। বাজেট, প্রোডাকশন টিমের পেশাদারিত্ব, কাজের মান সবই অসাধারণ। শুনেছি দুই বাংলার টিভি চ্যানেলেই বিজ্ঞাপনটি প্রচার হবে।
প্রচার চলতি ধারাবাহিক ...
বর্তমানে উপস্থাপনা, আইন বিষয়ক পড়াশোনা, সংসার সব মিলেয়ে অভিনয়ে খুব বেশি সময় দিতে পারি না। তাই ধারাবাহিক নাটকে যুক্ত হই না। তবে দু বছর আগে শ্যুটিং করা একটি ধারাবাহিক নাটক সম্প্রতি এনটিভিতে প্রচার শুরু হয়েছে। চয়নিকা চৌধুরী পরিচালিত এই ধারাবাহিকের নাম ‘নীল রঙা মন’। এতে আমার সহশিল্পী নাঈম। অনেক দিন আগে কাজটি করলেও এখনো মনে আছে এই নাটকের শ্যুটিংয়ে খুব মজা হতো। ভালো গল্পের একটি নাটক এটি।
প্রথমবার ওয়েব সিরিজে ...
কলকাতা থেকে বিজ্ঞাপনের শ্যুটিং শেষ করে ফিরেই এ সময়ের একজন তরুণ নারী নির্মাতার কাছ থেকে একটি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। আজ তার সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে বসব। ভালো লাগলে অবশ্যই কাজটি করব। কারণ অভিনয় খুব মিস করি। ভালো গল্প পেলে অভিনয়ে নিয়মিত হব।
উপস্থাপনায় ...
বর্তমানে আমার উপস্থাপনায় ভিন্ন তিনটি চ্যানেলে ভিন্ন তিনটি অনুষ্ঠান প্রচার হচ্ছে। একটি হলো বাংলাভিশনের ‘টপ ট্র্যাক’। এটি বিশ^ সংগীত নিয়ে একটি অনুষ্ঠান, প্রতি বুধবার রাত ৮টায় প্রচার হয়। এশিয়ান টিভিতে সম্প্রতি শুরু করেছি নতুন একটি অনুষ্ঠান। ‘সেলিব্রেটি শেফ’ নামের এই অনুষ্ঠানটি প্রচার শুরু হবে। আর দেশ টিভির ‘সানসিল্ক সুরঞ্জনা’ তো অনেকদিন ধরে উপস্থাপনা করছি। এটি প্রতি শুক্রবার প্রচার হয়।
ব্যক্তিগত ব্যস্ততা ...
সংসার নিয়ে বেশ ব্যস্ততা যাচ্ছে। কিছুদিন আগে আমেরিকায় ঘুরে এলাম। এবারের সফর ছিল ব্যক্তিগত কাজের জন্য। কাজটি হয়ে গেলে সবাইকে নতুন খবর দিতে পারব।
