সাংবাদিকদের আইনমন্ত্রী

ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি অসাংবিধানিক

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০১:৪০ এএম

জাতীয় ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবিকে অসাংবিধানিক ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুনরায় নির্বাচনের দাবি মোটেও সাংবিধানিক নয়, এই দাবি অত্যন্ত অযৌক্তিক। জনগণ ভোট দিয়েছে। তাই জনগণকে এভাবে অসম্মান করার কোনো অধিকার ঐক্যফ্রন্টের নেই।’ নারীশিক্ষা নিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর বক্তব্যের বিষয়ে আনিসুল বলেন, ‘শফী সাহেব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তাকে শ্রদ্ধাভরে বলতে চাই, তার এসব উক্তি দেশে যে ইতিবাচক উন্নয়ন হচ্ছে, তার বিপরীতে যাবে। তাই এ ধরনের বক্তব্য পরিহার করলে ভালো হবে।’

মন্ত্রী বলেন, ‘আল্লামা শফী যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত অভিমত। ব্যক্তিগত অভিমত যার যার থাকতেই পারে। কিন্তু তার এসব বক্তব্য বর্তমান সরকারের দেশ পরিচালনায় বা নীতির কোনো পরিবর্তন আনবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত