গোপালগঞ্জে এমবিআর চ্যানেলের সøুইচগেট সংযোগের ১০টি খাল অপরিকল্পিতভাবে খননের ফলে পানির উৎসমুখ বন্ধ হয়ে গেছে। এর ফলে নদী থেকে বিলে পানি না ঢোকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার কৃষক। বেশি টাকা ব্যয়ে তাদের ভূ-গর্ভস্থ পানির ওপরই নির্ভর করে চাষাবাদ করতে হচ্ছে। বিল এলাকায় সময়মতো পানি না ঢোকায় এবং প্রয়োজনের সময়ে পানি নিষ্কাশন না হওয়ায় এই খালগুলো স্থানীয় কৃষকের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে।
এদিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বেড়িবাঁধ এলাকায় ১০টি খালের মুখ পলি পড়ে বন্ধ হয়ে গেছে। এসব খাল মধুমতী বিলরুট ক্যানেল থেকে শুরু হয়ে বিল এলাকায় গিয়ে শেষ হয়েছে। গত তিন বছর আগে খালগুলো পুনঃখনন করা হয়েছে। তবে কর্র্তৃপক্ষের সঠিক তদারকি না থাকায় সে সময় খালগুলো সঠিকভাবে খনন করা হয়নি বলে অভিযোগ রয়েছে। যে কারণে খাল খনন হলেও কৃষকের কোনো লাভ হয়নি; আর্থিকভাবে লাভবান হয়েছে সংশ্লিষ্ট ঠিাকাদার ও প্রকৌশলীরা। এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।
এছাড়া প্রতিটি খালের মুখে রয়েছে সøুইচগেট ও লকগেট, যেগুলো এখন অনেকটাই অকেজো হয়ে আছে। এসব গেটের মুখ বালু পড়ে বন্ধ হয়ে যাওয়ায় পানি একদিকে যেমন বিলে ঢুকতে পারছে না, অন্যদিকে বিলের পানি সময়মতো নামতেও পারছে না। ফলে এলাকার কৃষকরা পড়েছেন বেকায়দায়। যখন বিলে পানি দরকার তখন পানি থাকে না, আবার যখন পানি সরানোর দরকার তখন জলাবদ্ধ হয়ে থাকে কৃষিজমি। এসব সøুইচগেট ও লকগেট অপরিকল্পিত উল্লেখ করে এলাকাবাসী জানায়, গোপালগঞ্জে বিভিন্ন খালের মুখ বালুতে ভরে যাওয়ায় কৃষকরা খালের পানি সেচের কাজে লাগাতে পারছেন না। পানি উন্নয়ন বোর্ড মাঝে মধ্যে লোক দেখানো খনন করে থাকে, তাতে সাধারণ কৃষকের কোনো লাভ হয় না। তারা এই ১০টি খাল গভীরভাবে খননের দাবি জানিয়েছেন। খালগুলো হচ্ছেÑ উলপুর, কংশুর, বৌলতলী, গান্দিয়াসুর, চামটা, উত্তর ভেন্নাবাড়ী, ভেন্নাবাড়ী, বানিয়ারচর, জলিরপাড় ও গঙ্গারাম। গোপালগঞ্জ জেলার কৃষি কর্মকর্তা সমীর কুমার গোস্বামী বলেন, পানির সমস্যার কারণে এসব অঞ্চলে কৃষকদের চাষাবাদে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। কৃষি ও কৃষকদের স্বার্থে খালগুলো পুনঃখনন করা দারকার।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিউদ্দিন মিয়া খালের মুখ বন্ধ হয়ে কৃষিকাজে কৃষকদের অসুবিধার কথা স্বীকার করেন। তিনি বলেন, প্রতিবছর যাতে খালগুলোর মুখ থেকে বালু সরানো বা খালগুলো কেটে সচল করা হয় তার ব্যবস্থা করা হবে। তবে খাল খননে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন তিনি।
