সাতক্ষীরার তালায় মইজুদ্দিন আহমেদ টুলু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে তালা উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানান তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল।
ওসি জানান, দুই পক্ষের মাদক ব্যবসায়ীর অভ্যন্তরীণ কোন্দলে টুলু নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার বলেন, খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া বিশ্বাসপাড়া মোড় এলাকার রাস্তার পাশে লাশটি স্থানীয়রা দেখতে পায়। লাশের পাশে একটি টিভিএস মোটরসাইকেল পড়ে ছিল। অপরিচিত হওয়ায় মসজিদের মাইক থেকে মাইকিং করা হয়। লাশের মাথায়, বুকে ও পায়ে গুলির চিহ্ন রয়েছে।
লাশের পাশে একটি মোটরসাইকেল ও কয়েকটি ফেনসিডিল পাওয়া গেছে বলে জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, লাশের পাশে পড়ে থাকা একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া গেছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকার শামসুল হক সরদারের ময়েজউদ্দিন আহম্মেদ টুলু। পরিচয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
