রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরি থেকে পাঁচ বিদেশি শিক্ষার্থী পালিয়ে গেছেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীদের সবার বাড়ি নেপালে।
ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক আশাদুল ইসলাম শিক্ষার্থীদের পালিয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে গত সোমবার প্রক্টরকে একটি লিখিত অভিযোগ দিলেও বিষয়টি জানাজানি হয়েছে বুধবার।
পালিয়ে যাওয়া শিক্ষার্থীরা হলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী উজ্জ্বল মাহাতো, সুজান পারাজুলি, মিলন কুমার মোকতার, বিনোদ লামিছানে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লিলা জুং রায়া মাঝি।
প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘কোন অনুমতি ছাড়াই ডরমিটরি ছেড়েছে ওই ছাত্ররা। বিভিন্ন কক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে তা জানা গেছে। পালিয়ে যাওয়া এসব শিক্ষার্থী ইতিমধ্যে দেশে পৌঁছেছে এবং তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে না বলে আনন্দ কুমার সাহা নামে এক নেপালি শিক্ষার্থী আমাদের জানিয়েছে।’
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান বলেন, ‘চলে যাওয়া শিক্ষার্থীরা প্রথম থেকেই অনিয়মিত ছিল। বিভাগের অন্য শিক্ষার্থীদের সঙ্গে পড়ালেখার প্রতিযোগিতায় টিকতে না পারায় তারা চলে যেতে পারে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি বিমল কুমার প্রামাণিকও পালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সম্পর্কে একই ধরনের কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বলেন, ‘ওই শিক্ষার্থীরা ভর্তি বাতিল বিষয়ে এখনো আমাকে লিখিতভাবে কিছু জানায়নি। এ ছাড়া বিভাগ থেকেও তাদের ক্লাস না করার বিষয়ে কিছু জানানো হয়নি। তারা যদি আবার ফিরে আসে তাহলে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।
