বঙ্গমাতা গোল্ডকাপের বিপণন স্বত্ব কে-স্পোর্টসের

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০২:৪৪ এএম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা আগেই দিয়েছিল বাফুফে। গতকাল বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপের বিষয়টি দৃশ্যমান হলো। টুর্নামেন্টের বিপণন স্বত্ব পেয়েছে কে-স্পোর্টস। গত বছর যাদের সহায়তায় আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে গতকাল।

চুক্তি অনুযায়ী টুর্নামেন্টটি আয়োজনের সকল ব্যয় বহন করবে কে-স্পোর্টস। এছাড়া বাফুফেকেও ২৫ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমরা প্রথমবারের মতো এই আসরটি আয়োজন করতে যাচ্ছি। যেটা হবে একটি ইতিহাস। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য এমন আসরের বড্ড প্রয়োজন। সেটা উপলব্ধি করেই আমরা এই আসরটি করতে যাচ্ছি।’ ভবিষ্যতে মূল জাতীয় দল নিয়ে এই টুর্নামেন্টটি করার কথাও বলেছেন বাফুফে সভাপতি। আগামী এপ্রিলে হতে যাওয়া এই আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আরও ৫টি দেশ অংশ নেবে। আসরের খেলাগুলো হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং কমলাপুর স্টেডিয়ামে। কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটি সুযোগ। বাফুফে আবারও আমাদের দায়িত্ব দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করছি এই টুর্নামেন্ট মেয়েদের ফুটবলের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।’

এই আসরে সমপর্যায়ের দলগুলোকে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন বাফুফে কর্তারা যাতে মাঠের খেলায় থাকে প্রতিদ্বন্দ্বিতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত