সিরিয়ায় এক বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের দুই সৈন্য সহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে আরও দুই মার্কিন নাগরিকও আছে। বুধবার উত্তর সিরিয়ার মানবিজ শহরের অদূরে মার্কিন জোটের ফাঁড়িতে এ হামলার ঘটনা ঘটে
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় দুই মার্কিন সৈন্য, পেন্টাগনের একজন কর্মকর্তা ও একজন ঠিকাদার নিহত হয়েছে। স্থানীয় সূত্রে আলজাজিরা জানায়, এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।
সিরিয়ায় মার্কিন সৈন্য প্রত্যাহারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার এক মাসেরও কম সময়ের মধ্যে এ হামলা চালালো ইসলামি জঙ্গি সংগঠন আইএসআইএল। এটি মূলত ইরাকসহ ভূমধ্যসাগর কেন্দ্রিক অঞ্চলসমূহের আইএসআইএস এর আলাদা কার্যক্রম।
আইএসআইএল ঘনিষ্ট একটি ওয়েবসাইট থেকে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি। এতে জানানো হয়, এক হামলাকারী শহরের এক রেস্টুরেন্টের কাছে এ হামলা চালিয়েছে।
সিরিয়াতে আইএসআইএলকে দমন করা হয়েছে বলে দাবি করে ট্রাম্প দেশটি থেকে দুই হাজার মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। তার এ দাবিকে অসাড়তা প্রমাণ করতেই মূলত এ হামলা চালানো হয় বলে ওয়েবসাইটটি জানায়।
