বিডা নির্বাহী চেয়ারম্যান ট্রেডমার্ক নিবন্ধনে সময় কমিয়ে আনা হবে

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১২:০৭ এএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেছেন, ট্রেডমার্ক বা পেটেন্ট নিবন্ধনে সময় কমিয়ে আনা হবে। এই সেবা ওয়ান স্টপ সার্ভিসের সঙ্গে যুক্ত করার কথাও ভাবা হচ্ছে।

ট্রেডমার্ক সনদের আবশ্যকীয়তা সংক্রান্ত একটি সভা সম্প্রতি বিডা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।

সভায় তিনি বলেন, আমাদের আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে ট্রেডমার্ক বা পেটেন্ট নিবন্ধনের সেবা দিতে হবে। সময় কম লাগলে ব্যবসা ও বিনিয়োগ দুটোই সহজ হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৬-এর বিধি মোতাবেক বিডা নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর রয়্যালটি ফি এবং ফ্র্যাঞ্চাইজ ফি বাবদ বহিঃপ্রত্যাবাসনের অনুমোদন দেওয়া হয়ে থাকে। এই রয়্যালটি ফি এবং ফ্র্যাঞ্চাইজ ফি অনুমোদনের ক্ষেত্রে বিদেশি মূল প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান চুক্তি এবং বাংলাদেশে উক্ত প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত ট্রেডমার্ক সনদ একটি অন্যতম প্রমাণক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। দেশীয় প্রতিষ্ঠানগুলো বিদেশি মূল প্রতিষ্ঠানের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে ট্রেডমার্ক/পেটেন্টের জন্য যথানিয়মে আবেদন করে থাকে।

অধিদপ্তর কর্তৃক যাবতীয় বিষয়াদি যাচাইবাছাইপূর্বক আবেদিত ট্রেডমার্ক নিবন্ধন/ইস্যুকরণে প্রায় দুই বছর সময় অতিক্রান্ত হয়ে থাকে। যদিও ট্রেডমার্ক আইন ২০০৯-এর বিধি ২০(৩) অনুযায়ী ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনে কোনো ত্রুটি না থাকলে আবেদন দাখিলের একশত পঞ্চাশ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সনদ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বর্তমানের বিদ্যমান আইন সংস্কারের প্রস্তাব করেন, যেন সময় কমিয়ে নিয়ে আসা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত