পুরুষের পাশাপাশি থেকেই নারীকে এগোতে হবে : আইভী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০২:০৯ এএম

পুরুষের পাশাপাশি অবস্থান ও সমঝোতা করেই নারীদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল বৃহস্পতিবার আলী আহমেদ চুনকা নগর মিলনায়তন ও পাঠাগারে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেভ দ্য চিলড্রেন ও সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়লগ) সহযোগিতায় আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

নারীদের উদ্দেশ করে আইভী বলেন, ‘পুরুষশাষিত এই সমাজে বলা হয় নারী অবলা, এটা করা যাবে না-সেটা করা যাবে না। আমি বলব, একজন নারী যদি সাহসী হয়, তার যদি ইচ্ছাশক্তি থাকে, তাহলে সে অনেক দূর এগিয়ে যাবে।’

 

তিনি আরও বলেন, ‘পুরুষরা আমাদের ভাই হতে পারে, বাবা হতে পারে, স্বামী হতে পারে। তাদের সঙ্গে সমঝোতা করেই আমাদের এগিয়ে যেতে হবে। কাউকে ছোট করে নয়, অথবা দেখানো যাবে না আমি বেশি পারি। ঠিকমতো খাবার খেতে হবে। আমি নিজেও ক্যালসিয়ামের অভাবে ভুগছি। নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে।’

আয়োজনের জন্য ফায়ার সার্ভিস ও সেভ দ্য চিলড্রেনকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, ‘বিভিন্ন ধরনের নতুন বিষয় আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। নিজেদের নিরাপদ রাখার পদ্ধতিগুলো শিখতে পেরেছি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ফায়ার সার্ভিস এবং ভলান্টিয়াররা অনেক কাজ করেছে। রানা প্লাজার ঘটনা আমরা ভুলিনি। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই কমপক্ষে ১০০ জন করে ভলান্টিয়ার তৈরি করার জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত