বলিউডে বায়োপিক ও বিষয় ভিত্তিক সিনেমা এখন দারুণ জনপ্রিয়। বিশেষ করে খেলা বা খেলোয়াড়দের নিয়ে দর্শক আগ্রহের অন্ত নেই। শাহরুখ খান থেকে শুরু করে আমির খান, সালমান হোন বা অক্ষয়, কিংবা আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া অথবা সুশান্ত সিং রাজপুত প্রত্যেকেই অন্তত একটি করে খেলা কেন্দ্রিক ছবি করেছেন।
এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই নতুন প্রজন্মের সবচেয়ে সফল অভিনেতা রণবীর সিং। তাকে দেখা যাবে ক্রিকেটার কপিল দেবের বায়োপিক। এর জন্য চলছে কঠিন প্রস্তুতি।
২০১৮ সালে বক্স অফিসে রাজত্ব করেছেন রণবীর। ভিন্ন ভিন্ন চরিত্রে সাবলীল অভিনয় করেছেন। এখনকার ব্যস্ততা পরের সিনেমা ‘গলি বয়’-এর প্রচার নিয়ে। সঙ্গে আছেন আরেক হট ফেবারিট আলিয়া ভাট।
কপিলের জীবনীভিত্তিক সিনেমাটির নাম ‘৮৩’। অল্প দিনের মধ্যে কবির খান পরিচালিত ছবিটির শুটিং শুরু হবে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি এক অনুষ্ঠানে ‘৮৩’ সম্পর্কে মুখ খুললেন কবির। জানালেন, মে থেকে আগস্ট টানা ৪ মাস শুটিং হবে লন্ডনে। কিছু অংশের জন্য সেট তৈরি করবেন ভারতেও।
আরও জানান, অভিনেতাদের প্রশিক্ষণ দিতে হাজির থাকবেন কপিল দেব, মদন লাল, যশপালের মতো ক্রিকেটাররা। প্রত্যেকদিন টানা তিন ঘণ্টা করে তালিম নিতে হবে তাদের।
