ইয়াসির-মুশফিক-শানাকা ঝড়ে খুলনার সংগ্রহ ২১৪

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৮:৫৭ পিএম

ঝড় তুললেন ইয়াসির আলি ও মুশফিকুর রহিম। দুইজনই পেলেন অর্ধশতকের দেখা। শেষ দিকে তাণ্ডব চালালেন দাসুন শানাকা। তাতে খুলনা টাইটান্সের বিপক্ষে দুইশো ছাড়ানো সংগ্রহ পেয়েছে চিটাগং ভাইকিংস।

চলতি বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচটিতে শনিবার টসে জিতে চিটাগংকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রতিপক্ষ অধিনায়কের সিদ্ধান্তটা সুবিধা হয়েই এলো চিটাগংয়ের জন্য। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৪ রানের সংগ্রহ পেয়েছে দলটি। চলতি বিপিএলে এটা কোনো দলের সর্বোচ্চ, আর সব আসর মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

তেমন আশানুরূপ ছিল না চিটাগংয়ের শুরু। দলীয় ১৭ রানে ভাঙে মোহাম্মদ শাহজাদ ও ক্যামেরুন ডেলপোর্টের ওপেনিং জুটি। শরিফুল ইসলামের বলে ডিপ স্কোয়ার লেগে ডেভিড উইসেকে ক্যাচ দেন ১২ বলে ১৩ রান করা ডেলপোর্ট।

আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৬ রান করা শাহজাদ এবারও লম্বা ইনিংস খেলার পথে এগুচ্ছিলেন। সেটা হতে দিলেন না তাইজুল ইসলাম। দলীয় ৫৬ রানে তার বলে উইকেট ছাড়া হন শাহজাদ। এর আগে ১৭ বলে তিন চার ও তিন ছক্কায় ৩৩ রান করেন আফগানিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

ইয়াসির ও মুশফিক জুটিতে রানের খনি পেয়ে বসে চিটাগং। খুলনার বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছেন তারা। তাদের ঝড়ো ব্যাটিংয়ে তৃতীয় উইকেট জুটিতে দলীয় স্কোরে জমা পড়ে ৮৩ রান!

ভয়াভহ হয়ে ওঠা এই জুটিকে দলীয় ১৩৯ রানে থামান উইসে। দক্ষিণ আফ্রিকার এই পেসারের বলে কট-বাহাইন্ড হওয়ার আগে ৩৬ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৫৪ রান করেন ইয়াসির।

দলীয় ১৭০ রানে উইসের শিকারে পরিণত হন মুশফিকও। এক্সট্রা-কাভারে শরিফুলের হাতে ক্যাচ দেন চিটাগং অধিনায়ক। এর আগে ৩৩ বলে আট চার ও এক ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন তিনি। চলতি বিপিএলে এটা তার টানা দ্বিতীয় অর্ধশতক। আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

ব্যাটিং তাণ্ডব ধরে রাখেন দাসুন শানাকা ও নাজিবুল্লাহ জাদরান। শেষ ১৪ বলে তাদের ব্যাট থেকে আসে ৪৪ রান!

১৭ বলে তিন চার ও চার ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন শানাকা। পাঁচ বলে দুই চার ও এক ছক্কায় ১৬ রানে অপরাজিত থাকেন জাদরান।

খুলনার বোলারদের মধ্যে ২৬ রানে ২ উইকেট নেন উইসে। অপর দুটি উইকেট নেন শরিফুল ও তাইজুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত