রোহিঙ্গা প্রত্যাবাসন সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো আসিয়ান বৈঠক

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৩:১৭ এএম

রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের বৈঠক। অবশ্য শুরু থেকেই এই জোট রোহিঙ্গা বিষয়ে কোনো কার্যকর ভূমিকা রাখেননি।

শুক্রবার থাইল্যান্ডে সংস্থাটির শেষ হওয়া দুই দিনের (১৭ ও ১৮ জানুয়ারি) বৈঠক থেকে প্রত্যাবাসন নিয়ে জোটের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশা করেছিল বাংলাদেশ। যদিও মিয়ানমার পিঠ বাঁচাতে ও বৈশ্বিক সংস্থাগুলোর নজর ভিন্ন দিকে নিতে আসিয়ানকে সঙ্গে নিয়ে ধাপে ধাপে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে বলে জানিয়েছে।

বৈঠক থেকে পাওয়া সূত্রগুলো বলেছে, মিয়ানমারকে রোহিঙ্গা সংকটের নেপথ্য কারণ উদ্ঘাটন করে বাস্তুচ্যুতদের ফিরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। প্রত্যাবাসন উদ্যোগে সহায়তা দিতে আসিয়ানের যে প্রতিনিধিদলের রাখাইনে যাওয়ার কথা ছিল ‘অস্থিতিশীল পরিস্থিতি’র অজুহাতে দলটি সেখানে যাওয়ার বিষয় এখনো ঝুলিয়ে রেখেছে।

আসিয়ানের বর্তমান সভাপতি রাষ্ট্র থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনি বৈঠক শেষে জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হতে আসিয়ান জাতিসংঘের কাছে সহযোগী হওয়ার প্রস্তাব পাঠিয়েছে। মিয়ানমারের উচিত, রোহিঙ্গা সংকটের মূল কারণ খুঁজে বের করা এবং তার সমাধানে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা, যাতে বাস্তুচ্যুত রোহিঙ্গারা রাখাইনে ফিরে গিয়ে নতুন জীবন শুরু করতে পারে। এর আগে গত বছরের নভেম্বরে সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

রাখাইনবাসীর কল্যাণে প্রত্যেক আসিয়ান দেশ তাদের নিজেদের মতো করে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এমনটাই দাবি আসিয়ানের বর্তমান সভাপতি রাষ্ট্র থাইল্যান্ডের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত