দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের অনুদান ৬০৮ কোটি টাকা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১২:৫০ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা, সেতু নির্মাণ ও অন্যান্য ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে ৬০৮ কোটি ডলার অনুদান দিচ্ছে চীন। অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার আওতায় চীন সরকার বাংলাদেশকে এ অর্থ দিচ্ছে। গতকাল রবিবার ঢাকার শেরেবাংলা নগরে সিপিটিইউ ভবনের সম্মেলনকক্ষে এ অনুদান চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং চীন সরকারের পক্ষে চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ঝাং ঝু স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বলা হয়, চীন ৫০ কোটি আরএমবি ইউয়ান (প্রায় ৬০৮ দশমিক ৫০ কোটি টাকা) অনুদান সহায়তা দেবে। অনুদানের এ অর্থ দুদেশের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প যেমনÑ দুর্যোগ ব্যবস্থাপনা, সেতু নির্মাণ ও অন্যান্য ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে ব্যবহার হবে।

এর আগে চীনা অনুদানে সমাপ্ত প্রকল্পসমূহের মধ্যে একটি আন্তর্জাতিক মানের সম্মেলন কেন্দ্র (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) ও ৮টি বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ, ড্রেজার এবং কাস্টমসের জন্য স্ক্যানার সরবরাহ উল্লেখযোগ্য। এছাড়া চীনা অনুদানে চলমান উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছেÑ পূর্বাচলে একটি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ, চট্টগ্রাম মেডিকেল কলেজে বার্ন ইউনিট নির্মাণ, ফায়ার সার্ভিসের জন্য মোটরসাইকেল সরবরাহ এবং ফ্লাড ম্যানেজমেন্ট প্লানিং প্রকল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত