‘সীতার অগ্নিপরীক্ষা’ নিয়ে কলকাতায় চুমকি

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৬:৪৩ পিএম

কলকাতার অশোকনগরে মঞ্চায়িত হবে বাংলাদেশের সাধনা প্রযোজিত ‘সীতার অগ্নিপরীক্ষা’। এ নাটকে একক অভিনয় করবেন নাজনীন হাসান চুমকি। নাটকটির নির্দেশকও তিনি।

‘সীতার অগ্নিপরীক্ষা’ লিখেছেন সাইমন জাকারিয়া। ২০১০ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে।

আট বছরে বিভিন্ন মঞ্চে অর্ধশতের বেশি প্রদর্শনী হয়েছে এই নাটকের। সোমবার রাতে ‘সীতার অগ্নিপরীক্ষা’ টিম রওনা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে।

অশোকনগরের হেমাঙ্গ সাংস্কৃতিক সংসদের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় এপার বাংলা ওপার বাংলা সাংস্কৃতিক উৎসবে নাটকটি মঞ্চায়িত হবে। ২৬ জানুয়ারি ঢাকায় ফিরবে দলটি।

অভিনেত্রী চুমকি বলেন, “এই নাটকটিতে আট বছর ধরে অর্ধশতাধিক প্রদর্শনীতে অভিনয় করছি। নানা রকম অভিজ্ঞতা হয়েছে।”

সঙ্গে যোগ করেন, “এই নাটকে অভিনয় করতে গিয়ে জীবনকে নতুন করে বুঝতে শিখেছি। আমার সহশিল্পীরা ভীষণভাবে সহযোগিতা করেছেন। এই নাটকটির টিমও খুব বেশি বড় নয়, আমরা আটজনের একটা টিম। সহজেই নানা জায়গায় গিয়ে শো করতে পেরেছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত