শূন্যরেখায় বিএসএফের তাঁবুতে রোহিঙ্গারা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৩:৪০ এএম

তিন দিন পরও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ৩১ রোহিঙ্গার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল সোমবার বিজিবি-বিএসএফের মধ্যে কোনো পতাকা বৈঠকও হয়নি। তবে তীব্র শীতে খোলা আকাশের নিচে অনাহারে থাকা রোহিঙ্গাদের জন্য বিএসএফ তাঁবু, খাবার ও ওষুধের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মান্নান জাহাঙ্গীর। ইউপি চেয়ারম্যান বলেন, ‘গতকাল বিএসএফ আটকে পড়া রোহিঙ্গাদের জন্য দুটি তাঁবু টানিয়েছে। এমনকি তাদের কাছে প্রয়োজনীয় খাবার ও ওষুধ পৌঁছানো হয়েছে বলেও আমরা জেনেছি। এতে রোহিঙ্গাদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে দেখা গেছে।’

তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে কসবা সীমান্তের ২০২৯ পিলারের কাছে ওই রোহিঙ্গারা অবস্থান করছে। তাদের মধ্যে ১৭ জন শিশু, আটজন নারী ও ছয়জন পুরুষ। পরে রাত ৮টার দিকে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে কাজিয়াতুলী ক্যাম্পের বিজিবি সদস্যরা রোহিঙ্গাদের পাঠানো ঠেকাতে তৎপর হয়। গত শনিবার দিনভর সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ সদস্যদের কড়া পাহারা দিতে দেখা যায়। এতে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রোববার বিজিবি-বিএসএফ দুই দফা পতাকা বৈঠক করেও এ বিষয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।

এদিকে, গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতুলী সীমান্তে টহল বাড়ানোসহ সতর্ক অবস্থা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। কর্মকর্তারা বলেন, ‘আমরা পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। প্রথম দিনের মতোই সতর্কাবস্থায় রয়েছে আমাদের বাহিনী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত