জিপিএ-৫ পাওয়ার চেয়ে সুনাগরিক হওয়া জরুরি: শিক্ষামন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০২:২৯ পিএম

পরীক্ষার আগে শিক্ষার্থীদের অনৈতিক পথের খোঁজে না নামার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিপিএ-৫ পাওয়া হয়তো জরুরি, তার চেয়ে বেশি জরুরি সুনাগরিক হয়ে বেড়ে ওঠা।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টির দায়িত্ব সকলের উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্লাসে প্রথম-দ্বিতীয় হওয়া কিংবা জিপিএ-৫ পাওয়া হয়তো জরুরি। কিন্তু তার চেয়ে বেশি জরুরি সুনাগরিক হয়ে বেড়ে ওঠা।’

অভিভাবকদের অনুরোধ করে তিনি বলেন, ‘পরীক্ষার আগে কোনো অনৈতিক পথে যাবেন না। আপনারা যদি কোনো অনৈতিক পথের খোঁজ না করেন, তাহলে কোনো দুর্বৃত্ত পরীক্ষাকে ঘিরে কোনো অপকর্ম করতে পারবে না।’

অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘যদি আপনারা সচেতন হন, তাহলে প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাবে। সামনে যে পরীক্ষা শুরু হচ্ছে সেই পরীক্ষা প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা যেন হয়, সেই ব্যবস্থা আমাদের থাকবে।’

এসম তিনি বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত করতে হবে। এজন্য ক্রীড়ার বিকল্প নেই।’

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৮তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত