বুলবুলকে ‘গার্ড অব অনার’, সর্বস্তরের জনগণের শ্রদ্ধা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১১:৫১ এএম

সদ্যপ্রয়াত প্রখ্যাত সুরকার ও গীতিকার মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

বুধবার বেলা ১১টার দিকে বুলবুলের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

এর আগে লাশটি ঢাকার একটি হাসপাতালের হিমঘর থেকে শহীদ মিনারে পৌঁছালে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা তা গ্রহণ করেন।

রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

এরপর বুলবুলের কফিনে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তার দীর্ঘদিনের সহকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা।

সেখান থেকে বুলবুলের মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানেও তার জানাজা হবে। বরেণ্য এ শিল্পীর লাশ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

অসংখ্য দেশাত্মবোধক ও জনপ্রিয় গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল মঙ্গলবার ভোররাতে রাজধানীর আফতাব নগরের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত