রাজশাহীর আড়াই লাখ গ্রাহক পাবে বিদ্যুৎ সংযোগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০১:২৫ এএম

রাজশাহী বিভাগের আট জেলার দুই লাখ ৩৫ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেবে সরকার। এ জন্য এক হাজার ৯১ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় অনুমোদনের জন্য এ প্রকল্প উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে ২০২২ সালের মধ্যে এসব গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেবে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে ‘রাজশাহী বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন’ শীর্ষক প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে এক হাজার ৫৬ কোটি টাকা। বাকি টাকা নেসকো খরচ করবে। গত নভেম্বরে এই প্রকল্পের ওপর মূল্যায়ন সভা (পিইসি) সম্পন্ন হয়েছে। কমিশন যাচাই বাছায়ের পর আগামী একনেক সভায়  প্রকল্পটি উপস্থাপনের জন্য সুপারিশ করেছে।

এ প্রকল্পের মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশনসহ ৮টি জেলার ২১টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ উন্নয়ন ও সক্ষমতা বাড়ানো হবে। ৮ জেলার মধ্যে রয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট।  বিদ্যুৎ বিতরণ সক্ষমতা ৪৭০ এমভিএ বাড়বে। ফলে নতুন করে ওই অঞ্চলের ২ লাখ ৩৫ হাজার গ্রাহককে বিদ্যুৎ দেওয়া যাবে।  সরকারের ভিশন ২০২১ অনুযায়ী, রাজশাহী জোনের নেসকো’র আওতাধীন অঞ্চলে ২০৩০ সাল নাগাদ সব গ্রাহককে বিদ্যুৎ দেওয়া হবে। এছাড়া ২০৩০ সাল নাগাদ সব গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। এজন্য বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ করতেই এ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

বর্তমানে নেসকোর আওতাধীন অঞ্চলে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ৮০৩ মেগাওয়াট। এর ১৩ লাখ ৭৪ হাজার গ্রাহকের বিদ্যুৎ চাহিদা রয়েছে। নেসকো গঠন হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৮ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত