স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর্থসামাজিক গুরুত্ব বিবেচনায় নিতে হবে। কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়িত হলে জনগণ যথাযথ সুবিধা ভোগ করবে। আমরা জনগণকে উন্নয়নের চমক দেখাতে চাই।’ গতকাল বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত ১৫০টি প্রকল্পের ওপর পর্যালোচনা করা হয় এ বৈঠকে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত উন্নত বাংলাদেশ গড়তে আমাদের সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। অবকাঠামো উন্নয়নে গৃহীত সব প্রকল্প সময়মতো বাস্তবায়ন করতে হবে। দেশের কাক্সিক্ষত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ভূমিকা সবচেয়ে বেশি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বাস্তবায়িত গ্রামীণ অবকাঠামো প্রকল্পগুলো গ্রামের জীবনযাত্রায় নতুন গতি সঞ্চার করবে।’ সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজের গুণগত মান রক্ষা করে প্রকল্প বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের নির্দেশ দেন মন্ত্রী।
