দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় খবর প্রকাশের পর বয়স্ক ভাতার কার্ড পেলেন ৯৬ বছর বয়সী হতদরিদ্র মমেনা বেগম। গত ১৪ জানুয়ারি দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘মরণের পর কি আমার কার্ড আইবো?’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে। গতকাল বুধবার দুপুরে মমেনার হাতে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়।
সম্প্রতি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধিসহ কয়েকটি জাতীয় দৈনিকের প্রতিনিধি মমেনা বেগমের বয়োবৃদ্ধ ও দুরবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ১৪ জানুয়ারি তার জীবন বৃত্তান্ত নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয় দৈনিক দেশ রূপান্তরে। পরে কয়েকটি জাতীয় দৈনিকেও এ খবর ছাপা হয়। এ সংবাদটি প্রশাসনসহ অনেকের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের নির্দেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা আখতার তার নামে বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করেন।
গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বৃদ্ধা মমেনার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। মমেনা বেগম উপজেলার তাতিহাটি ইউনিয়নের ভটপুর গ্রামের মৃত মজিবর আলীর স্ত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বলেন, পত্রিকায় সংবাদটি দেখে তার জন্য কার্ডের ব্যবস্থা করা হয়। তিনি এ সময় গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান
