দোয়া মাহফিলে জি এম কাদের এরশাদের নেতৃত্ব এখনো অপরিহার্য

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৩:৫৬ এএম

জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘দেশ এবং জাতির জন্য হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্ব এখনো অপরিহার্য। তার দক্ষতা ও বীরোচিত নেতৃত্ব দেশের হতদরিদ্র এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এখনো খুবই জরুরি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির সামনে আলোকিত ভবিষ্যৎ তাই দলকে আরও শক্তিশালী করতে তার নেতৃত্বের বিকল্প নেই।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত দোয়া মাহফিলে এরশাদের অসুস্থতা প্রসঙ্গে তিনি

            পৃষ্ঠা ১১ কলাম ৩ >

বলেন, ‘একজন নেতার জন্য কোটি কোটি মানুষের কান্নার রোল এটা অমূল্য, একজন নেতার জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া। এত মানুষের ফরিয়াদ আল্লাহ অবশ্যই কবুল করবেন। নিশ্চয়ই হুসেইন মুহম্মদ এরশাদ দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন। জুমার নামাজের জন্য শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন। তার নির্দেশেই রেডিও ও টেলিভিশনে আজান চালু হয়েছিল। ইসলামের জন্য তিনি যে অবদান রেখেছেন তা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে।’ এরশাদের রোগমুক্তি কামনায় সবাইকে দোয়া করারও আহ্বান জানান তিনি।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কারি হাবিবুল্লাহ বেলালী। এ সময় উপস্থিত ছিলেন জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, যুববিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, প্রেসিডিয়াম মেম্বার এস এম ফয়সল চিশতী, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত