ম্যাজিস্ট্রেটের সামনেই ইঁদুর-তেলাপোকার দৌড়াদৌড়ি!

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৪:০০ এএম

রাজধানীর মগবাজারে চারটি খাবার হোটেলে অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে মগবাজারের ক্যাফে ডি তাজ, ভর্তাভাত, ঘরোয়া ও থ্রি স্টার হোটেলে এই অভিযান চালানো হয়। অভিযানে বাসি-পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে তাদের আর্থিক দণ্ড দেন ম্যাজিস্ট্রেট। র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক এসএম সাখাওয়াত হোসেন দেশ রূপান্তরকে বলেন, ক্যাফে ডি তাজে বাসি খাবার পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে পাওয়া গেছে। তেলাপোকা দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। এ অভিযোগে হোটেল কর্র্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। টাকা দিতে না পারায় মালিককে ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। হোটেল থ্রি স্টারে বাসি খাবার, নোংরা পরিবেশ ও ইঁদুর দৌড়াদৌড়ি করতে দেখে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাসি খাবার পরিবেশনের অপরাধে  ভর্তাভাত ও ঘরোয়া হোটেল কর্র্তৃপক্ষকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত