রামোসের জোড়া গোলে সেমিতে এক পা রিয়ালের

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৯:২৭ এএম

জোড়া গোল করলেন অধিনায়ক সের্হিও রামোস। তাতে জিরোনার বিপক্ষে ঘুরে দাঁড়াল পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ; দারুণ জয়ে এগিয়ে গেল সেমি-ফাইনাল পথেও।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের রোমাঞ্চকর প্রথম লেগে জিরোনাকে ৪-২ গোলে হারায় রিয়াল। দলের জয়ে জোড়া গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রামোস। একটি করে গোল লুকাস ভাসকেস ও করিম বেনজেমার।

নিজেদের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি রিয়ালের। সপ্তম মিনিটেই গোল খেয়ে বসে তারা। জিরোনাকে এগিয়ে নেন হন্ডুরাসের ফরোয়ার্ড আন্তোনিও লোসানো।

তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। অষ্টাদশ মিনিটে ম্যাচে সমতা ফেরান লুকাস ভাসকেস। ডি-বক্সে আলভারো অদ্রিওসোলার কাট-ব্যাক পেয়ে গোলটি করেন স্প্যানিশ এই উইঙ্গার।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে স্পটকিক রিয়ালকে এগিয়ে নেন রামোস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে লোসানো ফাউল করলে পেনাল্টিটি পায় স্বাগতিক দল।

৬৬তম মিনিটে খেলায় সমতা ফেরায় জিরোনা। পেনাল্টি থেকে গোল করেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স গ্রানেল।

ম্যাচের শেষ দিকে জ্বলে ওঠে রিয়াল। তিন মিনিটের ব্যবধানে দুই গোলে রোমাঞ্চকর জয়ের আনন্দে ভাসে তারা। ৭৭তম মিনিটে নিজের ও দলের তৃতীয় গোল করে রামোস। মার্সেলোনার উঁচু করে নেওয়া পাসে খুব কাছ থেকে গোলটি করেন এই সেন্টার-ব্যাক।

তিন মিনিট পর জিরোনার কফিনে শেষ পেরেক ঠুকেন বেনজেমা। ভিনিসিউসের পাসে কোণাকুণি শটে গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার।

জিরোনার মাঠে আগামী বৃহস্পতিবার দল দুটির মধ্যকার হবে ফিরতি লেগের লড়াই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত