মোবাইলে মগ্ন দুই বন্ধুর জীবন গেল ট্রেনের নিচে

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৯:৩৮ পিএম

রাজবাড়ী জেলার কালুখালীতে ট্রেনের ধাক্কায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলো রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী অন্তু সরকার (১৬) ও দশম শ্রেণির ছাত্র সাকিব (১৬)।

এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে মৃত সাকিবের আপন ভাই কালুখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র হাসিবকে (১৭)।

তাদের বাড়ি কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও আত্মীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অন্তু, সাকিব ও হাসিব মোবাইল দেখতে দেখতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল।

এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী স্টেশন ছেড়ে রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর এলাকায় রেলগেট পার হওয়ার সময় তাদের ধাক্কা দেয়। এ সময় তারা গুরুতর আহত হয়।

মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। এরপর অন্তুকে ঢাকা মেডিকেল কলেজে পাঠাতে বলেন।

সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাভার আমিন বাজার পার হলে অন্তু (১৬) মারা যায়।

এ ছাড়া আহত হাসিবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, হেডফোন কানে লাগিয়ে ভিডিও গেম খেলার কারণে ট্রেনের হুইসিল শুনতে না পেরে তারা এই দুর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত