দুই রেকর্ডের ম্যাচে চিটাগংকে লজ্জা দিল রংপুর

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১০:৪৮ পিএম

বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড, এক ইনিংসে প্রথম দুই শতক। শীর্ষে থাকা চিটাগং ভাইকিংস নিজেদের মাঠে রংপুর রাইডার্সের বিপক্ষে এমন দুটি লজ্জার রেকর্ড হজম করে স্রেফ উড়ে গেছে।

শুক্রবার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাশরাফীদের জয়টি ৭২ রানের। শতক হাঁকান রাইলি রুশো এবং অ্যালেক্স হেলস। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে রংপুর টস হেরে আগে ব্যাট করে চার উইকেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ২৩৯ রান সংগ্রহ করে। জবাবে আট উইকেট হারিয়ে চিটাগং থামে ১৬৭ রানে।

বিপিএলে সর্বোচ্চ রানের আগের রেকর্ডটি ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের। ২০১৩ সালে মিরপুরে রংপুরের বিপক্ষে ৪ উইকেটে ২১৭ রান করে দলটি। বিপিএল এই প্রথম এক ইনিংসে জোড়া সেঞ্চুরি দেখলেও সব ধরনের ক্রিকেটে আগে দুইবার হয়েছে। প্রথম ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টিতে। দ্বিতীয়টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।

আগের ম্যাচে ৫৫ রান করা গেইল এদিন ফেরেন দ্বিতীয় ওভারে। ছয় বলে দুই করতে পারেন তিনি। দ্বিতীয় উইকেটে ঝড় তোলেন রুশো-হেলস। ম্যাচসেরা হেলস শতকে পৌঁছান ৪৭ বলে। ফেরেন তার পরের বলেই। ১১টি চার আর পাঁচটি ছয় হাঁকান তিনি। ঠিক ১০০ রানের মাথায় সিকান্দার রাজার বলে বদলি খেলোয়াড় নিহাদুজ্জামানের হাতে ক্যাচ দেন।।

রুশো অপরাজিত থাকেন ১০০ রানে। ৫১ বলের ইনিংসে আটটি চার এবং ছয়টি ছয় হাঁকান তিনি।

আগের ম্যাচে ৪১ রান করা ভিলিয়ার্স সুবিধা করতে পারেননি। দুই বলে এক রান করে আবু জায়েদের বলে খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

জায়েদ ৩৫ রান দিয়ে দুই উইকেট নেন। একটি করে শিকার রবিউল হক এবং সিকান্দার রাজার।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ রানের মাথায় মোহাম্মদ শাহজাদকে (২০) হারায় চিটাগং। ফরহাদ রেজা বোল্ড করেন তাকে। তিন নম্বরে নামা রাজাও (৩) বোল্ড হন। তাকে ফেরান মাশরাফী বিন মোর্ত্তজা। অধিনায়ক মুশফিকও বেশি দূর যেতে পারেননি। ১১ বলে ২২ করে নাজমুল ইসলামের বলে এলবিডব্লিউ হন।

লড়াই চালিয়ে যান ইয়াসির আলী। ৭৮ রান করে ফেলা এই ব্যাটসম্যানকে থামান মাশরাফী। লো-ফুলটস কাভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আলী ধরা পড়েন ভিলিয়ার্সের ‘নির্ভুল’ হাতে। ৪৮ বলের ইনিংসে ছয়টি চার, তিনটি ছয় হাঁকিয়ে যান। এরপর একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যায় চিটাগং।

মাশরাফী ৩৪ রান দিয়ে তিন উইকেট নেন। দুইজনকে ফেরান ফরহাদ রেজা। একটি করে শিকার নাজমুল ইসলাম এবং শহীদুল ইসলামের।

চলতি আসরে সাত ম্যাচে চিটাগংয়ের এটি দ্বিতীয় পরাজয়। ১২ পয়েন্ট নিয়ে এখনো তারা শীর্ষে। দশ পয়েন্ট নিয়ে রংপুর উঠে এসেছে তিনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত