পুলিশের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৮:৪৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারা পুলিশের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কারা পুলিশের এক সদস্য বন্ধুদের সহায়তায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকায় এই ঘটনা ঘটে।

ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই ফরিদ আহমেদ জানান, বৃহস্পতিবার একই উপজেলার তারাব এলাকার দশম শ্রেণির স্কুল শিক্ষার্থী (১৪) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকায় বেড়াতে আসে।

শুক্রবার রাত সাড়ে ৭টায় ওই এলাকার একটি দোকান থেকে সদাই কিনে বাড়ি ফেরার পথে ছাতিয়ান এলাকার বাসিন্দা ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারা পুলিশের সদস্য মৃদুল হাসান ও তার সহযোগী একই এলাকার সিয়াম ও নিজামউদ্দিন তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে।

তিনি জানান, পরে লোকজন শিক্ষার্থীর আর্তনাদ শুনে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করান।

এই ঘটনায় শিক্ষার্থীর মা শনিবার সকালে বাদী হয়ে উল্লেখিত তিনজনকে আসামি করে রূপগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেছেন।

রূপগঞ্জ ওসি মোহাম্মদ আব্দুল হক বলেন, ঘটনাটি দুঃখজনক, আমরা এ ঘটনায় একটি মামলা নিয়েছি। কারা পুলিশ সদস্যসহ বাকি অভিযুক্তদের ব্যাপারে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত