আখাউড়ায় পিস্তল ও গুলিসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের ছেলে মো. মাহিন সরকারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে কালো রঙের টয়োটা প্রাইভেটকার।
প্রাইভেটকার তল্লাশি করে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরশহরের মসজিদ পাড়ায় রাত প্রায় আড়াইটার সময় কালো রঙের একটি প্রাইভেটকার নিয়ে চার যুবক আসে। পাড়ার রাস্তায় তারা এলোমেলো ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয় বাসিন্দা মো. জসিমের সন্দেহ হলে তাদের নাম পরিচয় জানতে চাইলে তারা বিক্ষিপ্ত কথা বলে এবং এক যুবক অস্ত্র বের করে।
এ সময় জসিম চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
আটকরা হলো ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিয়াল্লিশ্বরের আল-আমিন (২৫), বাগান বাড়ির আজহার চৌধুরী (২০), ঘাটুরার রাসেল সরকার (২১) ও ফুলবাড়িয়ার মো. মাহিন সরকার (২১)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন তারা এখানে ঘুরতে এসেছিল। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
