আগামী ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক আবদুল্লাহ মডেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যারা মনে করে জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ হয়নি, তাদের পক্ষ থেকে নির্বাচনের দিন বা পরে এলাকাভিত্তিক বা কেন্দ্রভিত্তিক কোনো প্রতিবাদ হয়নি। প্রতিবাদ আমরা কেবলমাত্র টেলিভিশন টকশো এবং পত্রিকায় দেখি। কিন্তু ভোটকেন্দ্রে দেখিনি। তারা বলেছিলেন, নির্বাচনের দিন ভোর থেকে তারা ভোটকেন্দ্র পাহারায় ছিল। যেহেতু তাদের কোনো সমর্থক ছিল না, তাই তারা পাহারা দেওয়ার মতো লোক পায়নি। এখন কাল্পনিক কিছু অভিযোগ নিয়ে তারা মাতামাতি করছে। সর্বোপরি আমরা এটুকুই আবেদন করব, ফলাফল মেনে নিয়ে গঠনমূলক বিরোধিতার মাধ্যমে তাদের রাজনৈতিক দল পুনর্গঠন করাই উত্তম কাজ।’
উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘উপজেলা নির্বাচনে আসা না আসা বিএনপির ব্যাপার। মানুষ প্রত্যাশা করে যে, সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তারা হারিয়ে যাবে। পরে বাটি চালান দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ‘উপজেলা নির্বাচনে যদি কেউ না আসে, তাহলে নির্বাচন বন্ধ থাকবে না। আবার নির্বাচনে কারও অংশগ্রহণও বন্ধ থাকবে না। নির্বাচনের সময় দেখা যাবে, কীভাবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।’
