নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন আলবা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১১:১০ এএম

অনেক দিন ধরেই সংবাদ মাধ্যমে খবর, পিএসজি থেকে বার্সেলোনায় ফিরে আসতে পারেন নেইমার। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিলেন কাতালান ক্লাবটির ফুলব্যাক জর্দি আলবা।

২০১৭ সালে বিশ্বরেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিতে নাম লেখান নেইমার। প্রায়ই গুঞ্জন শোনা যায়, আবারও নিজের সাবেক ক্লাবে ফিরে আসতে পারেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর নজরে পড়েছে বলে জানালেন আলবা। স্প্যানিশ এই ডিফেন্ডারের মতে, ব্রাজিল অধিনায়কের বার্সায় ফেরাটা সম্ভব নাও হতে পারে।

কাতালান ক্লাবটিতে নেইমারের ফেরার সম্ভাবনা নিয়ে আলবা বলেন, “আমরা এটা নিয়ে কথা বলিনি।...তবে আমি মনে করি এটা সত্যি নয়।”

“নেইমার অসাধারণ একজন খেলোয়াড়, অন্যতম সেরা খেলোয়াড়। তবে সে নিজেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাকে ফিরে আনতে চাওয়ার মাঝে আমি তেমন কোনো যুক্তি দেখি না। আমি এটা বিশ্বাস করি না।”

“দিন শেষে, সবাই নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। তাদের সিদ্ধান্তের প্রতি আপনাকে সম্মান জানাতে হবে। তবে সত্যিকার অর্থে আমি এটা (নেইমারের বার্সায় ফেরা) বিশ্বাস করি না।”

বুধবারের ফরাসি কাপের ম্যাচে স্ত্রাসবুরের বিপক্ষে পিএসজির ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে পায়ে চোট পেয়েছেন নেইমার। চোটটা ডান পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হারে। ঠিক একই জায়গায় চোটের কারণে গত মৌসুমে তিন মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তারকা এই ফরোয়ার্ডকে।

তবে এবারের মৌসুমে দারুণ ছন্দে আছে নেইমার। সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ২০ ম্যাচে। এর মধ্যে লিগ ওয়ানে করেছেন ১৩ গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত