চাকরির প্রলোভনে নারী-শিশুদের জোরপূর্বক দেহ ব্যবসায় নিয়োজিত করার অভিযোগে সিলেট নগরীর দাড়িয়াপাড়ার একটি বাসা থেকে পুলিশের একজন এসআই ও তার স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে ৬০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব।
এ সময় বাসা থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
শনিবার মধ্যরাতে র্যাব-৯ এই অভিযান চালায়। আটক দুজন হলেন- সিলেট কোতোয়ালি থানার মুন্সিপাড়ার রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) ও নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার আটগাঁও গ্রামের রিমা বেগম (৩৫)।
আটক রোকন উদ্দিন আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই। তিনি সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত।
রবিবার র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর দাড়িয়াপাড়ার বাসায় পতিতাবৃত্তি ও ইয়াবা ব্যবসা চলে, গোপন সূত্রে এমন খবর পেয়ে শনিবার মধ্যরাতে র্যাব-৯ অভিযান চালায়।
এতে বলা হয়, র্যাবের উপস্থিতি টের পেয়ে বাসায় অবস্থানকারীরা পালানোর চেষ্টা করলে রোকন উদ্দিন ভূঁইয়া ও রিমা বেগমকে আটক করা হয়। পরে বাসায় তল্লাশি চালিয়ে দুই কিশোরী ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কিশোরীদের মধ্যে একজনের বাড়ি সিলেটে এবং আরেকজনের বাড়ি কিশোরগঞ্জ বলে জানান হয়।
র্যাব জানায়, আটক রোকন উদ্দিন ভূঁইয়া র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে ও রিমা বেগম স্বামী-স্ত্রী হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে এই বাসায় থাকত। তারা সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নারী ও কিশোরীদের চাকরির প্রলোভন দেখিয়ে এনে ইয়াবা সেবন ও দেহ ব্যবসায় বাধ্য করত।
র্যাব আরো জানায়, আটক দুজন ও উদ্ধার দুই কিশোরীকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
