ফেনী শহরে বাসা-বাড়িতে সুবিধাবঞ্চিত ও কর্মজীবী নারী এবং শিশুদের বিশেষ সেবা দিতে নারী পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ১১ জন করে পুলিশের নারী সদস্য রয়েছে। এস.আই জোবাইদুন নাহারের নেতৃত্বে তারা মাঠে কাজ করবে।
ইভটিজিং, নির্যাতন, নারীদের নানা প্রতিবন্ধকতা সহ নানা ধরনের অপরাধ দমন ও সমস্যা সমাধানে এ টিম কাজ করবে। পর্যায়ক্রমে তারা পৌর এলাকার বাইরে গ্রামাঞ্চলেও কাজ করবে।
রবিবার এই বিশেষ সেবা কার্যক্রম শুরু হওয়ার বিষয়ে পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার জানান, বাসা-বাড়িতে বসবাসরত সুবিধাবঞ্চিত নারী, শিশু, গৃহপরিচারিকা ও কর্মজীবী নারী যারা সহজে পুলিশি সেবা পায় না তাদের সেবা দিতে নারী পুলিশের বিশেষ দুটি দল গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, নারী পুলিশ সদস্যদের মনিটরিং করতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মো. খালেদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রাশেদ খান চৌধুরী ও জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মো. শাহীনুজ্জামান তাদের সহযোগিতা করবে বলে তিনি জানান।
