হিগুয়াইনের ‘অভিষেক’ ম্যাচ। তাই নজর ছিল তার দিকে। আলোচনা ছিল ১৮ বছরের ইংলিশ ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোইকে নিয়েও। এফএ কাপে শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে এমন ম্যাচে ওডোই জ্বললেন। তাকে ছাড়িয়ে গেলেন চেলসির আরেকজন-উইলিয়ান।
রোববার রাতে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৩-০ গোলের বড় জয়ে টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে উঠেছে। উইলিয়ান একাই করেছেন দুই গোল।
চেলসি এগিয়ে যায় ২৬তম মিনিটে। পেনাল্টি থেকে নিজের এবং দলের প্রথম গোলটি করেন উইলিয়ান। তার ঠিক চার মিনিট আগে পেনাল্টি পায় অতিথি দল শেফিল্ড। ভিডিও সহকারী রেফারি সেটি বাতিল করে দেন।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে দলটি। দল বদলের গুঞ্জনের ভেতর মাঠে নামা তরুণ ওডোই গোল করেন ৬৪তম মিনিটে। মৌসুমে এ নিয়ে ছয়বার মাঠে নামলেন তিনি। উইলিয়ান ব্যবধান বাড়ান ৮৩তম মিনিটে।
হিগুয়াইনের বদলি নেমে তৃতীয় গোলে অবদান রাখেন অলিভিয়ে জিরুদ। ফরাসি এই ফরোয়ার্ডের সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে দারুণ দক্ষতায় জাল খুঁজে নেন উইলিয়ান।
