ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন প্রযোজনা ‘ম্যাকবেথ’ নাটকটি ঢাকার দর্শকরা প্রথম দেখতে পায় গেল বছরের ৯ অক্টোবর নাটমখন্ডলে। ১৩ অক্টোবর পর্যন্ত টানা ৮টি প্রদর্শনী হয় ‘ম্যাকবেথ’-এর। উইলিয়াম শেক্সপিয়ার রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। নাটকটিতে অভিনয় করেছেন এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অনার্স ২য় সেমিস্টার, ৪র্থ সেমিস্টার ও ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরাও। মাস কয়েক বিরতির পর গতকাল থেকে এই নাটকের শো শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় নাটমন্ডল মিলনায়তন এবং ২ থেকে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে ‘ম্যাকবেথ’। এরপর দিল্লির পথে উড়াল দেবে ‘ম্যাকবেথ’। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা [এনএসডি] আয়োজিত ‘২০তম ভারত রং মহাউৎসব ২০১৯’-এ ১০ ফেব্রুয়ারি নয়াদিল্লির শ্রী রাম কেন্দ্র এবং ১২ ফেব্রুয়ারি ঝাড়খন্ডের রাঁচিতে মঞ্চস্থ হবে ‘ম্যাকবেথ’। নির্দেশক ইসরাফিল শাহীন বলেন, ‘এই আততায়ী সময়ে আমাদের জীবন, আমাদের দেশ, আমাদের পৃথিবীর অন্তর্গত বিপন্নতা যেন হত্যা ও রক্তে পরিপ্লুত ম্যাকবেথের মতন রাজনৈতিক-মনস্তাত্ত্বিক নাটকটিতে শেক্সপিয়রীয় স্থান-কালরহিত এক অমোঘ ভাষায় ফুটে উঠেছে। আমরা যা করে ফেলি আর আমাদের নৈতিক মূল্যবোধ অর্থাৎ কর্ম ও মর্ম এ দুয়ের সংঘর্ষই যেন ম্যাকবেথ। এই সংঘর্ষই যেন মানুষের নিয়তি।’
×
