ঢাকা থেকে শীর্ষ স্থান নিয়ে নিজেদের হোম গ্রাউন্ডে পা রেখেছিল চিটাগং ভাইকিংস। কিন্তু সাগরিকায় গিয়ে কি যেন হলো দলটির; জিততেই ভুলে গেল। এর মাঝে চিটাগংয়ের ‘লোকাল হিরো’ তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়ে একই ভাগ্য বরণ করতে হলো। মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগংকে হারিয়ে শীর্ষে উঠে গেল কুমিল্লা।
মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংকে ৭ উইকেটে হারায় কুমিল্লা। দিনের প্রথম ম্যাচটিতে ছিল বৃষ্টির হানা। তাই ১৯ ওভারে নেমে আসে ম্যাচ।
আগে ব্যাট করে ৮ উইকেটে ১১৬ রানের বেশি করতে পারেনি চিটাগং। জবাবে তামিম ইকবালের ফিফটিতে ভর করে ১৬.৪ ওভারেই জয় নিশ্চিত করে কুমিল্লা। ১০ ম্যাচে ৭ জয়ে মোট ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কুমিল্লা। সমান ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট তৃতীয় স্থানে থাকা চিটাগংয়ের।
ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে জ্বলে উঠলেন ঘরের ছেলে তামিম ইকবাল। এনামুল হক বিজয় (৮) দ্রুত বিদায় নিলেও উদ্বোধনী জুটিতে তামিমের সাথে তার সংগ্রহ ছিল ২৬। এরপর শামসুর রহমানকে নিয়ে তামিম যোগ করেন ৬৫ রান। এই জুটিতেই জয়ের কাছে চলে যায় কুমিল্লা।
দলীয় ৯১ রানে ফেরেন শামসুর। ২২ বলে ২ ছক্কা ও ৩ চারে ৩৬ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর ইমরুলও ফিরে যান দ্রুত। ৮ রান করেন কুমিল্লার অধিনায়ক। চিটাগংয়ের পক্ষে আবু জায়েদ রাহি নিয়েছেন সর্বাধিক ২ উইকেট।
তবে বাকি কাজটা সারেন থিসারা পেরেরা। ৭ বলে এক ছক্কায় ১০ রান করেন পেরেরা। টুর্নামেন্টের দ্বিতীয় ফিফটি তুলে তামিম অপরাজিত থাকে ৫৪ রানে। ৫১ বলের ইনিংসে ২টি ছক্কা ও ৪টি চার হাঁকান তামিম।
এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর টস হয়। বেলা ১টায় টস হওয়ার কথা থাকলেও সেটি হয় ১টা ২৫ মিনিটে। খেলা শুরু হয় ১টা ৪০ মিনিটে।
টস জিতে আগে ব্যাটিং বেছে নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। এক ওভার খেলা হওয়ার পরই আবার বৃষ্টি। পরে এক ওভার করে খেলা কমিয়ে ১৯ ওভারে নামিয়ে আনা হয়। বৃষ্টির পর খেলা শুরু হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চিটাগং।
ওপেনিংয়ে মোহাম্মদ শাহজাদ ব্যক্তিক্রম হলেও অন্য প্রান্তে ছিল আসা যাওয়ার মিছিল। ঘরের দল চিটাগং এক শ রান করতে পারবে কিনা সেটি নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত আট নম্বরে নেমে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলকে রক্ষা করেন মোসাদ্দেক। ২৫ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা হাঁকান এই ডানহাতি।
শাহজাদ করেন ৩৩ রান। কুমিল্লার বোলারদের সপ্তম শিকার হওয়ার আগে ৩৫ বলে নিজের ইনিংসটি সাজান ১ ছক্কা ও ২ চারে। এ ছাড়া নাজিবুল্লাহ জাদরান ১৩ রান করেছেন। এর বাইরে কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
কুমিল্লার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদি। মেহেদি হাসান নেন ১ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ক্যামেরুন ডেলপোর্ট ও সিকান্দার রাজার উইকেট নেওয়া আফ্রিদি। ৪ ওভার বল করে মাত্র ১০ রান দেন এই পাকিস্তানি।
সংক্ষিপ্ত স্কোর
চিটাগং ভাইকিংস: ১৯ ওভারে ১১৬/৮ (শাহজাদ ৩৩, নাজিবুল্লাহ ১৩, মোসাদ্দেক ৪৩*; সাইফউদ্দিন ২/২৩, ওয়াহাব ২/২৩, আফ্রিদি ২/১০)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬.৪ ওভারে ১১৭/৩ (তামিম ৫৪*, শামসুর ৩৬, পেরেরা ১০*; রাহি ২/২৫, খালেদ ১/২৫)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শহীদ আফ্রিদি।
