রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সংসদ সদস্য (এমপি) পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির রায় ঘোষণা করা হবে আজ বুধবার। গতকাল মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমাম অধিকতর যুক্তিতর্কের শুনানি শেষ করে রায়ের এই দিন নির্ধারণ করেন।
২০১৮ সালের ৮ মে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটির রায় ঘোষণার জন্য দিন ঠিক করেছিল। কিন্তু ওই দিন বিচারক স্বপ্রণোদিত হয়ে রায় ঘোষণার তারিখ বাতিল করে আবার যুক্তি উপস্থাপনের দিন ঠিক করেন। পরে ওই আদালতের বিরুদ্ধে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে নতুন আদালত গত ১৫ জানুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করে।
২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ওই বছরের ১৫ এপ্রিল অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
