সীমান্ত পরিস্থিতি

মিয়ানমার গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ রাষ্ট্রদূতকে তলব

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০৪:০২ এএম

সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমারের বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ও-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময়  একটি আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিয়ানমারের সংবাদপত্রে যে সংবাদগুলো ছাপানো হয়েছে সেগুলো মিথ্যা ও বানোয়াট।

মিয়ানমারের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ২৪ জানুয়ারি ভোরে বাংলাদেশ থেকে একদল সন্ত্রাসী মিয়ানমারে প্রবেশ করে লংগদু শহরের এক পুলিশ চৌকিতে আক্রমণ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি নিশ্চিত, ওই দিন বাংলাদেশ থেকে কেউ মিয়ানমারে অনুপ্রবেশ করেনি বা গুলি ছোড়া হয়নি। এর আগেও মিয়ানমারের সংবাদমাধ্যমে এই ধরনের মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে কোনো সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি নেই।

 সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ মিয়ানমারকে একটি প্রস্তাব দিয়েছে। এ ছাড়া সীমান্তে যৌথ টহলেও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমার এখনো এর কোনো জবাব দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত