ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ১০ টাকায় চা, শিঙাড়া, সমুচা ও চপ পাওয়া নিয়ে উপাচার্য ড. আখতারুজ্জামানের বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
গত রোববার ঢাবির টিএসসি মিলনায়তনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে ওই বক্তব্য দেন ভিসি। অনুষ্ঠানের একটি ভিডিওতে আখতারুজ্জামানকে বলতে শোনা যায়, ‘তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না ১০ টাকায়ৃ এক কাপ চা, একটি শিঙাড়া, একটি চপ এবং একটি সমুচা; ১০ টাকায় পাওয়া যায় বাংলাদেশে। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, বিশ্ববাসী যদি জানতে পারে, তাহলে এটি গিনেস বুকে রেকর্ড হবে।’
তিনি আরও বলেন, ‘১০ টাকায় এক কাপ চা? গরম পানিও তো ১০ টাকায় পাওয়া যাবে না রাস্তায়। ১০ টাকায় এক কাপ চা, একটি শিঙাড়া, একটি সমুচা এবং একটি চপÑ এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য।’
উপাচার্যের বক্তব্যের এ অংশটি ফেইসবুকে এরই মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই এই বক্তব্য নিয়ে মজা করছেন। ঢাবির লোগোতে শিঙাড়া, সমুচা ও চপের ছবি বসিয়েছেন কেউ কেউ। রইস উদ্দিন নামে ঢাবির এক ছাত্র তার ফেইসবুকে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে মানসম্মত শিক্ষায়, গবেষণায় এগিয়ে নেওয়া যায়, শিক্ষায় অর্জন দিয়ে কীভাবে গিনেস বুকে নাম লেখানো যায়, তা নিয়ে চিন্তা নেই উপাচার্যের। চা, শিঙাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম গিনেস বুকে লেখাতে চায়।’ সাইফুল নামে একজন তার ফেইসবুকে লিখেন, ‘ঢাকায় নাকি ১০ টাকায় গরম পানিও পাওয়া যায় না। উপাচার্য কোন দেশে থাকেন?’
